বাসস
  ৩১ জুলাই ২০২৬, ১৮:৪১

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জন গ্রেফতার, মামলা ২৭টি

ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ (ঢাকা): রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৭ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ (শুক্রবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২৪ জন, ওয়ারী বিভাগে ৩৬ জন, মতিঝিল বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৩৮ জন, মিরপুর বিভাগে ১২২ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেফতার করা হয়। 

এসময় তাদের হেফাজত থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল, ৩টি চাকু, ১টি বৈদ্যুতিক শক দেওয়া যন্ত্র, ৩টি পরিত্যক্ত গুলি, ১টি মিশুক, ১টি মোটরসাইকেল এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।