শিরোনাম

নোয়াখালী, ৩১ জুলাই, ২০২৬ (বাসস): বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, জুলাই-আগস্টকে পুঁজি করে যারা বিএনপির বিরুদ্ধে অসত্য-বানোয়াট কথা বলবেন জনগণ কখনো তা মেনে নেবে না।
বিএনপি’র নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার বিকেলে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, যারা বিএনপিকে জনগণের কাছে হেয় করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছেন- একাত্তর যেমন আমাদের মাথার মণি, তেমনি বাহান্নর ভাষা আন্দোলন, চব্বিশের জুলাই-আগষ্ট আন্দোলন। আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল। জুলাই-আগস্টে যারা রক্ত দিয়েছে তাদের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম।
অনুষ্ঠনে সেনবাগ পৌর বিএনপির আহবায়ক ফারুক বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব সহিদ উল্যাহর সঞ্চালনায় সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার বক্তব্য রাখেন।