শিরোনাম

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর তত্ত্বাবধানে এবং এমআইএসটির আয়োজনে কেমিক্যাল ওয়েপনস কনভেনশন (সিডব্লিউসি), রাসায়নিক নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ক একটি সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বুধবার অনুষ্ঠিত এই সেমিনারে এমআইএসটির রসায়ন অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সেমিনারে বক্তারা রাসায়নিক নিরাপত্তা, সুরক্ষা এবং দ্বৈত-ব্যবহারের ঝুঁকি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন।
এ সময় তারা বলেন, রাসায়নিক নিরাপত্তা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি ভবিষ্যৎ প্রকৌশলীদের জন্য একটি নৈতিক দায়িত্ব। আলোচনায় শিক্ষার্থীদের দেশে-বিদেশে ওষুধ, কৃষি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ারের বিপুল সম্ভাবনার কথা জানানো হয়।
বিএনএসিডব্লিউসির সদস্যসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের ‘কমডোর মো. মনির উদ্দীন মল্লিক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন। তিনি একটি নিরাপদ ও সমৃদ্ধ রাসায়নিক শিল্প গড়ে তোলার উপর জোর দেন এবং সেমিনারটি সফল আয়োজনের জন্য রসায়ন বিভাগ ও এমআইএসটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বিএনএসিডব্লিউসি কর্তৃক বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাসায়নিক সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।