বাসস
  ৩০ জুলাই ২০২৬, ১৮:৩২

বিসিসিএমএইএ’র ১০ হাজার গাছ লাগানোর কর্মসূচির অর্ধেক রোপণ সম্পন্ন

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে দেশজুড়ে ১০ হাজার গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিসিএমএইএ)। এরই মধ্যে কর্মসূচির আওতায় ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদস্য প্রতিষ্ঠানগুলোর কারখানা ও আশপাশের এলাকায় এসব গাছ লাগানো হচ্ছে। বাকি ৫ হাজার চারা পর্যায়ক্রমে নির্ধারিত স্থানে রোপণ করা হবে।

সংগঠনের সভাপতি আতিকুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন এখন বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। শিল্প খাতেরও পরিবেশ রক্ষায় দায়িত্ব রয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ার উদ্যোগে তারা অংশ নিচ্ছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিল্প প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব উদ্যোগ কার্বন নিঃসরণ কমানো, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। একই সঙ্গে সরকারি বনায়ন কর্মসূচিকেও এ ধরনের উদ্যোগ শক্তিশালী করবে।

সংগঠনটি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচিতে শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।