শিরোনাম

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে দেশের সব পৌরসভাকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা গত ২৮ জুলাই এক চিঠিতে এ নির্দেশনা দেয়।
চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কর্মপরিকল্পনার ১৮০তম দিন অর্থাৎ আগামী ১৬ আগস্ট পর্যন্ত বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করতে হবে।
এ লক্ষ্যে ১৬ আগস্ট পর্যন্ত বাস্তবায়নের অগ্রগতির তথ্য সংবলিত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠাতে সব পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিবেদনটি Nikosh Font-এ ওয়ার্ড ফাইল আকারে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। পাশাপাশি প্রতিবেদনটির হার্ডকপিও স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখায় বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত চিঠিটি দেশের সব বিভাগীয় স্থানীয় সরকার পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
এ নির্দেশনা স্থানীয় সরকার বিভাগের সরকারি ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগের সিস্টেম অ্যানালিস্টকেও অনুরোধ করা হয়েছে।