বাসস
  ২৯ জুলাই ২০২৬, ২৩:০৯

মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ পুলিশ হেডকোয়ার্টার্সের

ফাইল ছবি

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : প্রত্যেকটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত মাসিক (জুন, ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা প্রদান করা হয়।

সভায় মেট্রোপলিটন পুলিশ, এসবি, পিবিআই, সিআইডি, টুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ, রেঞ্জ ও জেলার কর্মকর্তাগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল বলেন, অপরাধ যেন না বাড়তে পারে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। তিনি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণ ইত্যাদি মামলা নিবিড়ভাবে তদন্ত করে দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন।

সভায় জুন-২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া, ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ ও অপহরণ মামলা, মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।