বাসস
  ২৯ জুলাই ২০২৬, ২২:৫৮
আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২৩:৪৫

সাংবাদিক কিসমত খন্দকার ইন্তেকাল করেছেন

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি . . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

আজ বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর আফতাবনগরের নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল (৩০ জুলাই) সকালে তাঁর মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সাংবাদিক কিসমত খন্দকারের মৃত্যুতে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।