বাসস
  ২৯ জুলাই ২০২৬, ২২:১০

রাজধানীতে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতা গ্রেফতার

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. শাহাদাত হোসেন নামে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শাহাদাত বিমানবন্দর থানার মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে রুজুকৃত মামলার এজাহারভুক্ত আসামি। সে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।