শিরোনাম

ঢাকা, ২৯ জুলাই ২০২৬ (বাসস): মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ছয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ বুধবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর।
অভিযানে সন্দেহজনক ১ টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা, ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।