বাসস
  ২৯ জুলাই ২০২৬, ১৯:১৫

স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সিইসির সাথে জামায়াতের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ছবি : বাংলাদেশ জামায়াতে ইসলামী

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬(বাসস) : এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্যতা সংক্রান্ত প্রস্তাবিত আইন সংবিধানের আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তারা এ দাবি জানান।

সিইসির সাথে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা শিক্ষকরা যদি জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য না হন, তবে স্থানীয় সরকারের নির্বাচনে তারা কেন প্রার্থী হতে পারবেন না। 

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। 

জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ। 

বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল মোট নয়টি প্রস্তাব সম্বলিত একটি চিঠি হস্তান্তর করেন।