শিরোনাম

পঞ্চগড়, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে একটি গোষ্টি এআই দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে। প্রতিমন্ত্রীর মানহানি করতেই এসব করা হচ্ছে বলে দাবি করেছেন পঞ্চগড়ের বিএনপি নেতারা।
গতকাল মঙ্গলবার রাতে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে জেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকসহ সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত সংবাদ সম্মেলন করে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ। তিনি সবার কথা ভেবে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যখন তিনি গত কয়েকদিন আগে তেল সংকট নিয়ে একটি দলের ব্যাপারে কথা বললেন তখন তার মানহানি করতেই এআই দিয়ে তার মুখের ছবি পরিবর্তন করে এসব ছড়ানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তারা আরো বলেন, শিবিরের মিডিয়া সেল থেকে এসব এআই দিয়ে তৈরি করা ছবি পোস্ট করা হচ্ছে। একটি দল সরকারের বিরুদ্ধে গুপ্ত প্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে। ৩শ’ আসনের এমপিদের মধ্যে ফরহাদ হোসেন আজাদ গুপ্তদের গুপ্ত চুরির বিষয়ে বেশি কথা বলছেন। তিনি তাদের নোংরামির প্রতিবাদ করায় তারা এসব এআই দিয়ে তৈরি ছবি পোস্ট করে প্রতিমন্ত্রীকে হেয় করতে চাচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য ইউনুস আলী, আব্দুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য আব্দুল বারী।
এ সময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়, বোদা উপজেলা শহরে এবং দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্ত্বরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।