বাসস
  ২৮ জুলাই ২০২৬, ২৩:৫১

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, এসি ল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি ও ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনায় অভিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, জাতীয় সংসদ সচিবালয় জানায়, ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডিও পত্র তৈরি এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনা তাদের নজরে এসেছে। সচিবালয় স্পষ্টভাবে জানায়, ওই পত্রটি জাতীয় সংসদ কর্তৃক ইস্যুকৃত নয় এবং এর সঙ্গে সংসদের কোনো সংশ্লিষ্টতা নেই।

জাতীয় সংসদ সচিবালয় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সংসদের নামে প্রাপ্ত কোনো ডিও বা সরকারি পত্রের সত্যতা যাচাই করে গ্রহণ করার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায়।