বাসস
  ২৮ জুলাই ২০২৬, ২১:১০

লালবাগে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ 

ছবি : বাসস

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস) : রাজধানীর লালবাগ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড। 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৪টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত লালবাগ থানার বুড়িগঙ্গা নদীর লোহার ব্রিজসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের পাগলা স্টেশন। অভিযানে সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে জব্দকৃত পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়। এ সময় ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবেশ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।