শিরোনাম

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস): জাতীয় সংসদ মূল ভবনের অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আজ (মঙ্গলবার) আনুমানিক বিকেল সোয়া তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সন্ধ্যায় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংসদ সচিবালয়ের সচিব তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিবরণ শুনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার।
তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।