বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১৯:৫৩

সাতক্ষীরার আ. লীগ নেতা নজরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর তেজগাঁও থানায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপকে হত্যার অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা থানা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে সাত দিনের রিমান্ড  শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ২৪ আগস্ট ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ (২১) বন্ধুদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। ওই দিন কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনের কাছে আসামিদের ছোড়া গুলি রূপের ডান চোখে লাগে। তাকে মৃত ভেবে আসামিরা রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রেখে চলে যায়।

পরে রূপের বন্ধু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য কাঠালবাগানের পদ্মা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে একই বছরের ৭ সেপ্টেম্বর তেজগাঁও থানায় একটি মামলা করেন।