বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১৮:৪৯

শেরপুরে আকস্মিক বন্যা ঠেকাতে ব্যবস্থা গ্রহণ করবে সরকার: প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন 

শেরপুর, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। তাই যতটুকু বরাদ্দ আছে সেটি দিয়ে কিভাবে শেরপুরের আকস্মিক বন্যা ঠেকানো যায়, সেই ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

আজ মঙ্গলবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর (পিআইও) কর্তৃক সদ্য নির্মিত সড়ক পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, বর্তমানে যতটুকু বরাদ্দ আছে, তা দিয়েই উন্নয়ন কাজ করতে হবে। এবছর না হলেও আগামী বছর বন্যা মোকাবেলায় কিছু করতে পারব বলে আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির রাজনৈতিক ব্যক্তিবর্গ।