বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১৮:২০

প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকতে পুলিশের আহ্বান

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস): পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। 

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি, ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারকচক্র সোশ্যাল মিডিয়ায় মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি ও বিভিন্ন ধরনের তদবির করছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারক চক্র এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে একদিকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মর্যাদাহানি করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোন আইডিতে কোন সরকারি কর্মকর্তার ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে নিশ্চিত হওয়ার কারণ নেই। প্রতারকদের এ ধরনের মেসেজে (বার্তা) সাড়া না দিতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

কেউ প্রতারক চক্রের এ ধরনের বার্তা পেলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে এবং সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও গোয়েন্দা বিভাগ (ডিবি), ডিএমপি কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।

বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।