বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১৬:১৮

দেশব্যাপী পুলিশের ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার ১ লাখ ৪২ হাজার প্রায়

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ পুলিশ গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী বিশেষ অভিযান ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে আজ একথা জানানো হয়। এতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে চলমান বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জন এবং বিভিন্ন ফৌজদারি মামলা ও নিয়মিত পুলিশি অভিযানে ১ লাখ ২ হাজার ৭২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময়ে পুলিশ ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি বোমা ও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করেছে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে- ১০১টি পিস্তল, ৩৫টি শুটার গান, ৩৮টি এলজি গান, ১৯টি রিভলবার, ৯২টি রাইফেল ও শটগান, ১৫টি পাইপগান, সাতটি শটগান, তিনটি রাইফেল, দু’টি সাবমেশিনগান (এসএমজি), ১২টি এয়ারগান ও একটি পেনগান।

এছাড়া পুলিশ ৯১ লাখ ২২ হাজার ৯৯৬টি ইয়াবা ট্যাবলেট, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশীয় মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা এবং অন্যান্য অবৈধ মাদক ও মাদকজাতীয় দ্রব্য উদ্ধার করেছে।

সরকারি তথ্য অনুযায়ী, এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪ হাজার ৮২১ জনকে গ্রেফতার করা হয়েছে।