শিরোনাম

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশে অধ্যয়নরত এক বিদেশি নারী শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
প্রযুক্তি নির্ভর তদন্ত ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে আজ সিআইডি সদর দপ্তর ঢাকায় আনুষ্ঠানিকভাবে তা শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব আজ এ তথ্য জানিয়েছেন।
ঢাকা গ্রীন রোডস্থ গ্রীন লাইফ মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী আসমা গত ৮ জুলাই কলাবাগান থানাধীন গ্রীন রোড এলাকায় একটি কাজে বের হন।
কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন, তাঁর ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই মডেলের স্মার্টফোনটি কোথাও হারিয়ে গেছে। ফোনটিতে একটি বাংলাদেশি ও একটি ভারতীয় সিম কার্ড ব্যবহৃত হচ্ছিল।
গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম হারিয়ে যাওয়ায় তিনি দুশ্চিন্তায় পড়ে যান।
পরে তাঁর সহপাঠী ও বান্ধবী রিজুয়ানা রহমান রিসার সহায়তায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর -৪৭২।
বিষয়টি দ্রুত সমাধানের আশায় শিক্ষার্থীর শিক্ষক শারমিন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর সিপিসির বিশেষজ্ঞ টিম প্রযুক্তিগত অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করা হয় এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে বাগেরহাট জেলা থেকে সেটি উদ্ধার করা সম্ভব হয়।
পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিআইডি সদর দপ্তর ঢাকার সাইবার পুলিশ সেন্টার ইউনিটের কার্যালয়ে বিদেশি শিক্ষার্থী আসমার কাছে উদ্ধারকৃত মোবাইল ফোনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।