বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৬:৫৭

জাল নোট ও সরঞ্জামসহ ২ জনকে গ্রেফতার করেছে সিটিটিসি

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দু’জনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। 

গ্রেফতাররা হলেন মো. শাহাব উদ্দিন (৪৩) ও হাজেরা আক্তার ঋতু (৩০)। রোববার দিবাগত রাতে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি টিম কদমতলী থানাধীন পলাশপুর গ্যাস রোডের ৫ নম্বর গলিতে অবস্থিত একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
 
এসময় গ্রেফতারদের কাছে থেকে জাল ২ লাখ ৫৮ হাজার টাকার নোট, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিশেষ ডাইস, বিশেষ রঙ, সিকিউরিটি থ্রেডযুক্ত কাগজসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সিটিটিসি জানায়, গ্রেফতারকৃত মো. শাহাব উদ্দিনের বিরুদ্ধে ডিএমপির রমনা, তেজগাঁও ও মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে পূর্বের পাঁচটি মামলা রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে কদমতলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে জাল নোট প্রস্তুতকারী চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে সিটিটিসির অভিযান অব্যাহত রয়েছে।