শিরোনাম

সিলেট, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত।
আজ রোববার জেলার বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুর কবরস্থানে চব্বিশের জুলাই গণআন্দোলনে দায়িত্ব পালনকালে নিহত দৈনিক নয়া দিগন্তের তৎকালীন সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ তুরাবের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জিয়ারত শেষে বিরোধীদলীয় নেতা শহীদ সাংবাদিক তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।
ডা. শফিকুর রহমান বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, শহীদ হওয়ার দুই বছর পার হলেও এখন পর্যন্ত তুরাব হত্যার বিচার কার্যক্রম শুরু হয়নি। এ হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে তুরাবের মতো সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক তৈরি হওয়ার পরিবেশ বাধাগ্রস্ত হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ হত্যার বিচার হওয়া প্রয়োজন।
এর আগে, তিনি তার নিকটাত্মীয় মাস্টার জোয়াদুর রহমান, প্রবীণ জামায়াত কর্মী মরহুম আব্দুল খালিক এবং লেখক ও গবেষক আব্দুল হাকিম তাপাদারের কবর জিয়ারত করেন।
তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন, পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, বিয়ানীবাজার উপজেলা আমির মোস্তফা উদ্দিন, নায়েবে আমির আবুল খায়ের, পৌর জামায়াতের আমির জমির হোসাইন, নায়েবে আমির সৈয়দ আবু কয়ছর কাজল, সেক্রেটারি ছাদ উদ্দিন এবং উপজেলা সহকারী সেক্রেটারি রুকন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।