শিরোনাম

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার। দেশের মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিদান দিতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাবে।
আজ রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ড সংযোগ সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম খান আরও বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণে উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত কাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
তিনি বলেন, ‘এখন কথা কম হবে, কাজ হবে বেশি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। দ্রুত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।’
পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ডিএনসিসির প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।