বাসস
  ২৬ জুলাই ২০২৬, ২০:৩২

বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৭ প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

ছবি : বাসস

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : ল্যাবরেটরিতে পরীক্ষা এবং বাধ্যতামূলক মান সনদ গ্রহণ ছাড়াই পোল্ট্রি ফিড, ফিশ ফিড, ব্যাটারি, খাদ্যপণ্য ও ভোক্তা পণ্য উৎপাদন ও বাজারজাত করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ রোববার বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং রাজধানীর বসিলা ও হাজারীবাগ এলাকায় পরিচালিত তিনটি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআইয়ের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া পোল্ট্রি ফিড ও ফিশ ফিড উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডকে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, তারাবো এলাকায় জিউজো ইন্ডাস্ট্রি লিমিটেডকে প্রয়োজনীয় গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া লেড অ্যাসিড স্টার্টার ব্যাটারি উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

রাজধানীর বসিলা এলাকায় পরিচালিত পৃথক মোবাইল কোর্টে বিভিন্ন প্রতিষ্ঠানের নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘লাইজোল Lyzol’, ‘হিরপিক (Hirpic)’ ও ‘ভিন (Vin)’ নামে হ্যান্ড ওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার উৎপাদন ও বাজারজাত করার দায়ে আমান কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ এবং স্ট্যান্ডার্ড কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, রাজধানীর হাজারীবাগ এলাকায় বিএসটিআইয়ের মান সনদ ছাড়া মিষ্টি, বিস্কুট ও লাচ্ছা সেমাই বিক্রির দায়ে ‘মিঠাই’ নামক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং মান সনদ ছাড়া মিষ্টি ও দই উৎপাদন ও বাজারজাত করার দায়ে ‘অপূর্ব আনন্দ জলখাবার’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই জানায়, নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার, বসিলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এবং হাজারীবাগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। 

অভিযানে বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম, ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন, বোরহান উদ্দিন, সুমাইয়া আফরোজ লিজাসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।