শিরোনাম

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ জব্দসহ চট্টগ্রামের বাঁশখালী থেকে ১৬ জনকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে চট্টগ্রামের বাঁশখালী থানার এস আলম জেটি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ৬টি ট্রলিং জাল ও প্রায় ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ, ট্রলিং জাল বিনষ্ট এবং মুচলেকা নিয়ে বোটসহ জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে ২ লাখ ৫০ হাজার টাকা বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।