বাসস
  ২৬ জুলাই ২০২৬, ১৮:৩৭

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান

ছবি : বাসস

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

আজ রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। পওে উদ্যান এলাকা সম্পূর্ণ পরিষ্কার করা হয়।

অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা, গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্বাভাবিক পরিবেশ সংরক্ষণে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।