বাসস
  ২৫ জুলাই ২০২৬, ২২:৪৬

শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখায় গুরুত্ব দেওয়ার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি জাপানি ভাষা শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, বিশ্বের কৃষি নির্ভর দেশগুলোতে বাংলাদেশি দক্ষ মানুষের ব্যাপক চাহিদা থাকলেও ভাষাগত ধারণা না থাকায় সেই সব দেশে অনেকেরই কর্ম সংস্থান হয় না। জাপানে দক্ষ শ্রমিকদের চাহিদা রয়েছে। তাই জাপানি ভাষা শিখলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

আজ শনিবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল-১ সেমিস্টার-১) প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. এ এস এম গোলাম হাফিজ কেনেডি। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ।

প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতির বক্তব্যে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি চরিত্র গঠনের, নেতৃত্বের গুণাবলি অর্জনের এবং ভবিষ্যৎ জীবনের ভিত্তি নির্মাণের এক অমূল্য সময়। বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ক্যাম্পাসের নিয়মকানুন মেনে চলা তোমাদের নৈতিক দায়িত্ব। আমরা একটি শতভাগ র‌্যাগিংমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশাল ও ক্রমবর্ধমান জনসংখ্যাকে দেশের বোঝা নয়, বরং দক্ষ মানবসম্পদে পরিণত করাই এখন মূল উদ্দেশ্য। এ জন্য কেবল প্রথাগত পড়ালেখায় সীমাবদ্ধ না থেকে কারিগরি শিক্ষা, সফট স্কিল, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল সাক্ষরতা এবং শিল্পখাতের চাহিদাভিত্তিক শিক্ষায় তোমাদের দক্ষ হয়ে উঠতে হবে।

আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।