বাসস
  ২৫ জুলাই ২০২৬, ২১:৫২

গ্রামের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ছবি : বাসস

ময়মনসিংহ, ২৫ জুলাই, ২০২৬ (বাসস): তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার গ্রামের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামকে খুবই ভালোবাসেন। তাই চলতি অর্থবছরে গ্রামীণ রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ অন্যান্য খাতে ব্যাপক উন্নয়নের সুফল পাওয়া যাবে।

আজ শনিবার বিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। আর আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ চলছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। সারাদেশে ফ্যামিলি কার্ডের জন্য শুমারি কার্যক্রম (গণনা) শুরু হচ্ছে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার এইচএসসি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। বর্তমানে তাঁরই সুযোগ্য পুত্র তারেক রহমানের সরকার ডিগ্রি ও অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার উদ্যোগ নিয়েছেন।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় ও ওমর ফারুক নোমানী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, কামরুজ্জামান রাসেল, আকরাম হোসেন ফেরদৌস, শাকিল মাহমুদ, ওসমান গনি লিটন সরকারসহ স্থানীয় যুবদল, ছাত্রদলসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।