বাসস
  ২৫ জুলাই ২০২৬, ২০:১৫

মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নীরবের ভর্তি ও উচ্চশিক্ষার ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন। ছবি: বাসস

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আর্থিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়া এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন। 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নীরবের ভর্তি ও উচ্চশিক্ষার ব্যয় বহনের সকল দায়িত্ব নিয়েছেন তিনি।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামের সেলিম রেজার ছেলে শফিউল ইসলাম নীরব রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে তিনি অনিশ্চয়তায় পড়েন।

বিষয়টি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে খোঁজখবর নেন এবং নীরবকে সাক্ষাতের জন্য ডাকেন।

আজ (শনিবার) দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নীরবের হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যতে তার পড়াশোনার যাবতীয় ব্যয় বহনের প্রতিশ্রুতিও দেন।

সহায়তা পেয়ে নীরব প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সহযোগিতায় তার উচ্চশিক্ষা গ্রহণের পথ সহজ হয়েছে। ভবিষ্যতে তিনি দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চান।