বাসস
  ২৫ জুলাই ২০২৬, ২০:১৩

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি  

ছবি: বাসস

সাতক্ষীরা, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও নেশাজাতীয় উইনকোরেক্স সিরাপ জব্দ করা হয়েছে।
 
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ ১৪ হাজার পাঁচশ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, কালিয়ানী, ভোমরা, ঘোনা, কুশখালী, কাঁকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গী মোড় নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল নবাতকাঠি নামক স্থান হতে নেশাজাতীয় ভারতীয় উইনকোরেক্স সিরাপ, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা নামক স্থান হতে এবং কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল বাঘমারা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। 

এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালী নামক স্থান হতে এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার হরিণা স্কুল নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।  জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ ১৪ হাজার পাঁচশ’ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে, কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।