শিরোনাম

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিআইএইচএ)’র ২০২৬-২০২৮ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন নাসের রহমান এমপি এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন আহমেদ ইউসুফ ওয়ালিদ।
আজ প্রকাশিত নির্বাচন বোর্ডের এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচিতব্য পদের সংখ্যার সমান হওয়ায় নির্বাচন বোর্ড তাদেরসহ মোট সাতজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
দুসাই হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসের রহমান সভাপতি এবং গেটওয়ে হসপিটালিটি অ্যান্ড রিয়েলটি ম্যানেজমেন্ট লিমিটেডের (দ্য ওয়ে ঢাকা) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ সহসভাপতি নির্বাচিত হন।
ট্রেড অর্গানাইজেশনস রুলস, ২০২৫-এর ২৪(১) বিধি অনুযায়ী নির্বাচন বোর্ড এ ঘোষণা দেয়।
এ ছাড়া ২০২৬-২০২৮ মেয়াদের জন্য অ্যাসোসিয়েশনের পরিচালক হিসেবে আতিথেয়তা খাতের আরও পাঁচজন উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন।
তারা হলেন, মেজর মো. শওকত হোসেন (অব.), পরিচালক, ম্যাপল লিফ হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেড; আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট (গ্রিন প্ল্যানেট); আহমেদ হোসাইন, পরিচালক, ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড; সাঈদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, কোয়ালিটি হসপিটালিটি লিমিটেড (কিউ হোটেল ঢাকা); এবং রাশেদ মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, গ্রেস কক্স হোটেল অ্যান্ড রিসোর্টস (প্রা.) লিমিটেড।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এবং নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শরীফ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে এ ফলাফল অনুমোদন করে।
নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপনিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান।
বাংলাদেশের হোটেল ও আতিথেয়তা শিল্পের অংশীজনদের প্রতিনিধিত্বকারী সংগঠন বিআইএইচএ সেবার মানোন্নয়ন, পর্যটন ও হসপিটালিটি খাতের উন্নয়ন এবং সংশ্লিষ্ট শিল্পের স্বার্থ সংরক্ষণে কাজ করে।