শিরোনাম

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : খেলাফত মজলিস ঘোষণা দিয়েছে, নির্বাচন-পরবর্তী সময়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের কার্যকারিতা শেষ হওয়ায় এখন থেকে জোটটির সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে দলটি। তবে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটি।
শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অধিবেশনে গৃহীত সিদ্ধান্তে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতা ছিল। নির্বাচন শেষ হওয়ার মধ্য দিয়ে ওই জোটের কার্যকারিতা বাস্তবে শেষ হয়ে গেছে।
এরপরও কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিলেও এখন থেকে ১১ দলীয় ঐক্যের সব কর্মসূচি থেকে বিরত থাকবে দলটি। এতে আরও বলা হয়, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে নতুন করে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি সংসদে খেলাফত মজলিসের সংসদ সদস্য বিরোধী দলের ভূমিকা পালন অব্যাহত রাখবেন।
সকাল ৯টায় শুরু হওয়া এ অধিবেশনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের অধিবেশন পরিচালনা করেন।
সভায় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মুফতি আবুল হাসান এমপিসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।