শিরোনাম

কুড়িগ্রাম, ২৫ জুলাই ২০২৬ (বাসস): জেলায় ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানকালে ভারতীয় কসমেটিকস, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল ও গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য আনুমানিক ৩২ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আজ শনিবার দুপুরে বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বিগত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযানকালে ভারতীয় কসমেটিকস, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল, গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য আনুমানিক ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।