শিরোনাম

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ (বাসস) : টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক উদ্ধারসহ ৯ জনকে আটক করা হয়েছে। বিজিবি ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযানে গতকাল অস্ত্র, গুলি, মাদক উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। বিজিবির সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
আটককৃতদের মধ্যে একজনের কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত এবং ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।
এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত এ ধরনের অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।