শিরোনাম

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশকে বৈশ্বিকভাবে সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৫ ও ২৬ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট-২০২৬।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন আজ রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির অংশীদারিত্বে দুই দিনব্যাপী এ সামিটের আয়োজন করা হচ্ছে।
সচিব মো. আনোয়ার হোসেন জানান, সামিটে সরকারের নীতিনির্ধারক, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। তারা বাংলাদেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উন্নয়ন কৌশল প্রণয়নে মতামত ও সুপারিশ প্রদান করবেন।
তিনি বলেন, সরকার, শিল্প খাত ও একাডেমিয়ার সমন্বয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে গবেষণা ও নীতিনির্ধারণে ন্যাশনাল এআই ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠান দেশের এআই গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
সামিটের অংশ হিসেবে বিইএআর ইনোভেশন এক্সপো-২০২৬ অনুষ্ঠিত হবে জানিয়ে সচিব বলেন, এ এক্সপোতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেমসহ বিভিন্ন ডিপ-টেক খাতের উদ্ভাবন প্রদর্শিত হবে। এক্সপোতে মোট ৩৫টি প্রদর্শনী স্টল থাকবে।
সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।