শিরোনাম

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : ভিন্ন পুরোনো ঘটনার ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ‘বিএনপি নেতার আপত্তিকর ভিডিও’ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি আওয়ামী লীগ নেতা চিত্ত রঞ্জন দাসের। গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে আপত্তিকর ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী নারী চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে মামলা করেছিলেন।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।