শিরোনাম

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : নৈতিক স্খলনজনিত কারণে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দিয়েছে দলটি।
আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জাতীয় সংসদের স্পিকারের দপ্তর ও নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।’
চিঠিতে আরো বলা হয়েছে, ‘গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো।’