বাসস
  ২৩ জুলাই ২০২৬, ১৬:১৫

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি মিলনের

ছবি : বাসস

রাজশাহী, ২৩ জুলাই ২০২৬ (বাসস): রাজশাহী-৩ আসনের এমপি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ সকালে মোহনপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

তিনি বলেন, পবা-মোহনপুরবাসীকে ভালো রাখা এবং তাদের ভালো মন্দ দেখভাল করার জন্য জনগণ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছেন। বিগত সংসদে ২০২৬-২৭ সালের বাজেট অনুমোদনের পাশাপাশি কিছু আইন পাস হয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মাদক নিয়ন্ত্রণ আইন। এই আইনে মাদক বিক্রেতা ও সেবনকারীদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন ১০ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। 

শফিকুল হক মিলন এমপি বলেন, যে পরিবারে একজন মাদকসেবী আছে সেই পরিবার জানে তার কী অবস্থা। তাই শুধু মাদক সেবীদের আটক করে কোনো লাভ হবে না। যারা মাদক কারবারি তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেন তিনি। 

তিনি বলেন, সব দলের সমন্বয়ে প্রতিটি এলাকায় মাদক নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হবে। এই কাজে সহযোগিতা ও মাদক বিক্রেতা ও সেবনকারীদের চিহ্নিত করে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন তিনি।

তিনি মোহনপুর এলাকার আইনশৃঙ্খলা ভালো রাখতে সে বিষয়ে বিশেষ নজর রাখার জন্য উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন।

সভায় সভাপতিসহ উপস্থিত কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং অত্র কমিটির অন্যান্য সদস্যরা তাদের নিজ নিজ কার্যালয়ের কার্যক্রমসমূহ তুলে ধরেন। সেই সাথে তাদের সমস্যাসমূহ সমাধানের জন্য সংসদ সদস্যের নিকট আবেদন জানান।

সভায় সভাপতিত্ব করেন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আক্তার। আরও উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আকতার হোসেন, আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান প্রমুখ।