বাসস
  ২৩ জুলাই ২০২৬, ১৩:৪৬
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৩:৫৪

ডিএমপি’র সিআইএমএস ফরম পূরণে জনসচেতনতা র‌্যালি অনুষ্ঠিত

দেশব্যাপী পালিত ‘সিআইএমএস ফরম পূরণ সপ্তাহ’-এর অংশ হিসেবে বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রামপুরা থানা এলাকায় বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয় । ছবি : ডিএমপি

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) ফরম পূরণে নাগরিকদের উদ্বুদ্ধ করতে ও দেশব্যাপী পালিত ‘সিআইএমএস ফরম পূরণ সপ্তাহ’-এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রামপুরা থানায় বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি ও মতবিনিময় সভার আয়োজন করে।

বুধবার রামপুরা থানাধীন বিট নং-৫ এলাকায় আয়োজিত এ কর্মসূচির শুরুতে হাজীপাড়া পেট্রোল পাম্প এলাকা থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তালতলা সুপার মার্কেটে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তৌফিক আহমেদ।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)।

সভায় বক্তারা বলেন, সিআইএমএস উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সঠিক তথ্য সংরক্ষণ করা হলে অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে সিআইএমএস ফরম পূরণের আহ্বান জানান ও কর্মসূচি সফল করতে পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ করেন।

অনুষ্ঠানে রামপুরা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব কামাল আহমেদ দুলুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, পুলিশ কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডিএমপি জানায়, নাগরিক তথ্যভাণ্ডার সমৃদ্ধ করতে জনসচেতনতা বৃদ্ধি ও ব্যাপক জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ২১ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত ‘সিআইএমএস ফরম পূরণ সপ্তাহ’ পালন করা হচ্ছে।