শিরোনাম

বরিশাল, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : বরিশাল সিটি করপোরেশনের বিদ্যুৎ শাখায় কর্মরত রাস্তার বাতির সুইচ অন-অফকারীদের (লাইটম্যান) কাজের সুবিধার্থে সাইকেল ও রেইনকোট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ‘সাইকেল ও রেইনকোট বিতরণ’ শীর্ষক আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রয়োজনীয় সরঞ্জাম কর্মচারীদের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ করেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর বিভিন্ন সড়কে স্থাপিত স্ট্রিট লাইট নিয়মিত ও নির্ধারিত সময়ে চালু ও বন্ধ রাখার দায়িত্ব পালন করেন বিদ্যুৎ শাখার মাঠ পর্যায়ের কর্মীরা। তাদের দায়িত্ব পালনে গতি ও কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি বর্ষাকালে প্রতিকূল আবহাওয়ায় নিরাপদে ও নির্বিঘ্নে কাজ করার সুযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করেছে বরিশাল সিটি করপোরেশন।
তারা আরও বলেন, সাইকেল সরবরাহের ফলে কর্মীরা দ্রুত বিভিন্ন এলাকায় পৌঁছে দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি রেইনকোট ব্যবহারের মাধ্যমে বৃষ্টি উপেক্ষা করেও নির্ধারিত সময়ে রাস্তার বাতি নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। এতে নগরবাসী আরও উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা পাবেন বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, সচিব রুম্পা শিকদারসহ কর্মকর্তা, বিদ্যুৎ শাখার দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।