শিরোনাম

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক পরিবেশ সাংবাদিকতা প্রতিষ্ঠান আর্থ জার্নালিজম নেটওয়ার্ক (ইজেএন)-এর ‘বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক ফেলোশিপ পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর স্টাফ রিপোর্টার আল সাদী ভূঁইয়া।
বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত সাংবাদিকদের নিয়ে পরিচালিত এই ফেলোশিপের আওতায় তিনি জলবায়ু পরিবর্তনের ফলে বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে সৃষ্ট অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি (নন-ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ-এনইএলডি) নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করবেন।
প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জনগোষ্ঠীর সংস্কৃতি, সামাজিক বন্ধন, স্থানচ্যুতি, মানসিক স্বাস্থ্য, জীবিকা এবং নারীদের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরা হবে।
আল সাদী বর্তমানে বাসসে দুর্নীতি দমন কমিশন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং অভিবাসন বিষয়ক সংবাদ সংগ্রহ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা আল সাদী ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, আর্থ জার্নালিজম নেটওয়ার্ক (ইজেএন) বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের পরিবেশ ও জলবায়ুবিষয়ক মানসম্মত ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে ফেলোশিপ, অনুদান, প্রশিক্ষণ এবং সম্পাদকীয় সহায়তা প্রদান করে।