বাসস
  ২২ জুলাই ২০২৬, ১৪:৪৪

কারওয়ান বাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ ছিনতাইকারী গ্রেফতার

ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। 
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো রায়হান (২০), মো. নূর আলম (২৫), মো. হৃদয় (২৬), মো. মেহেদী হাসান (৩৮) ও মো. জুয়েল (৩০)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিটিটিসি’র ট্রান্সন্যাশনাল বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। 
এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।