বাসস
  ২১ জুলাই ২০২৬, ২২:৩৪

পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : ভিসা জালিয়াতির মাধ্যমে মানবপাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৬টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। 
এতে বলা হয়, সিআইডির মানবপাচার শাখার (টিএইচবি) একটি চৌকস দল তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকার বাসিন্দা মো. বেলায়েত হোসেন (৪০), নাজমুল হাসান (১৯), মেহেদী হাসান (৩৭), মো. সোলাইমান সুমন (৩২) ও ফজলে রাব্বী (২৭)। মাদারীপুর জেলার কালকিনী থানা এলাকার বাসিন্দা মো. তৌহিদুর রহমান (২৪) ও ঢাকার দারুস সালাম থানা এলাকার বাসিন্দা কাওসার হোসেন (৪২)।  

অভিযানে গ্রেফতারকৃতদের অফিস থেকে তিনটি সিপিইউ, একটি এইচপি ল্যাপটপ, বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৫৬টি পাসপোর্ট, সরকারি, বেসরকারি ও বিদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ১৫৩টি সিল, একটি লোহার তৈরি অ্যাম্বুশ সিল এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। 

চক্রটির বিরুদ্ধে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে নেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বলেও জানায় সিআইডি।

এ বিষয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়, মামলা নম্বর-৩১।