বাসস
  ২১ জুলাই ২০২৬, ১৮:২৪

নগদ ও এনআরবি ব্যাংকের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত

ছবি: বাসস

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস): দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং প্রবাসী আয় (রেমিট্যান্স) দ্রুত গ্রাহকের হাতে পৌঁছে দিতে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) নগদ ও এনআরবি ব্যাংক পিএলসি।

সোমবার রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এনআরবি ব্যাংক দেশের যেসব এলাকায় তাদের শাখা নেই, সেখানকার গ্রাহকদেরও বিভিন্ন ব্যাংকিং সেবা দিতে পারবে। একই সঙ্গে এনআরবি ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স তাৎক্ষণিকভাবে নগদের ওয়ালেটে পৌঁছে দেওয়া হবে। ফলে গ্রাহকরা দেশের যেকোনো স্থান থেকে ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

এছাড়া এই দুটি প্রতিষ্ঠান যৌথভাবে ন্যানো ঋণ, করপোরেট কালেকশনসহ বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে কাজ করবে।

চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান।

অনুষ্ঠানে মো. মোতাছিম বিল্লাহ বলেন, ফিনটেক আগামী দিনে আর্থিক লেনদেনের প্রচলিত ধারা বদলে দেবে। সময়ের চাহিদা পূরণে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অংশীদারিত্ব দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

এনআরবি ব্যাংকের এমডি ও সিইও তারেক রিয়াজ খান বলেন, দেশের সব এলাকায় ব্যাংকের শাখা স্থাপন সম্ভব নয়। নগদের তিন লাখের বেশি এজেন্ট পয়েন্টের মাধ্যমে গ্রাহকদের সেবা দিতে পারলে ব্যাংকের সেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন, এম. রশিদুল হুদা, মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, মো. আরিফুজ্জামান ও সৈয়দ মাহফুজ আলীসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগদ জানায়, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন সচেতনতামূলক ও প্রণোদনামূলক কর্মসূচি পরিচালনা করছে। পাশাপাশি বাংলা কিউআর ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সুবিধার মাধ্যমে ক্যাশলেস লেনদেনের পরিধিও সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে দেশের প্রায় ১০ লাখ বাংলা কিউআর মার্চেন্টে নগদ অ্যাপ ব্যবহার করে অর্থ পরিশোধ করা যাচ্ছে।