বাসস
  ২০ জুলাই ২০২৬, ১৭:১১

বেসরকারি হাসপাতালগুলোকে পার্কিং নিশ্চিত করতে সিডিএ চেয়ারম্যানের নির্দেশ

ছবি : বাসস

চট্টগ্রাম, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরের ক্রমবর্ধমান যানজট নিরসনে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বেসরকারি হাসপাতালগুলোকে নিজস্ব পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

তিনি বলেন, নগরের যানজটের অন্যতম কারণ বেসরকারি হাসপাতালগুলোর অপর্যাপ্ত পার্কিং ব্যবস্থা ও হাসপাতালের সামনে সড়ক দখল করে যানবাহন রাখা। 

সিডিএ চেয়ারম্যান আরও বলেন, অনেক হাসপাতাল সিডিএ’র ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করছে, যা আর চলতে দেওয়া হবে না। 

দ্রুততম সময়ের মধ্যে সব বেসরকারি হাসপাতালকে পর্যাপ্ত স্থায়ী পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার দুপুরে নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এর আগে, সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের মেট্রোপলিটন হাসপাতাল, রয়েল হাসপাতাল, মেডিকেল সেন্টার, সিএসসিআর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে সিডিএ’র একটি উচ্চক্ষমতাসম্পন্ন দল। 

এ সময় উপস্থিত ছিলেন সিডিএ’র প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সেলিম, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান, অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ ও অথরাইজড অফিসার-২ মো. তানজীব হোসেন।

প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও সিএমপিসহ সকল সেবা সংস্থা একমত হয়েছে যে যে কোনো মূল্যে নগরীর যানজট নিরসন করা হবে। 
নগরবাসীর দুর্ভোগ লাঘবের প্রশ্নে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান সিডিএ চেয়ারম্যান।