বাসস
  ২০ জুলাই ২০২৬, ১৬:৪৫

লিগ্যাল এইডে এডিআর’র নিস্পত্তিকৃত মামলায় উপকারভোগী ৪ লাখ ১৩ হাজার

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস): জাতীয় আইনগত সহায়তা সংস্থায় (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) মাধ্যমে নিস্পত্তিকৃত মামলা বা বিরোধে উপকারভোগী ৪ লাখ ১৩ হাজার ৩৭ জন।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের, মে মাস পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) জন্য উদ্যোগ (প্রি ও পোস্ট-কেইস) নেওয়া হয়েছে মোট ২ লাখ ৩৯ হাজার ৪২৬ মামলায়। এর মধ্যে নিস্পত্তি হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৪১ টি মামলা। এডিআর-এর মাধ্যমে নিস্পত্তিকৃত মামলা বা বিরোধে উপকারভোগী ৪ লাখ ১৩ হাজার ৩৭ জন।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৪ লাখ ৮৭ হাজার ৬৬৩ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।