শিরোনাম

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : সেনাবাহিনী থেকে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়িস্থ আটতলা বাড়িতে ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল ।
আজ দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত দলটি আদালতের নির্দেশনা অনুযায়ী ক্রোককৃত সম্পত্তির ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছে।
এর আগে, ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত চলতি বছরের ২৭ জানুয়ারি জিয়াউল আহসান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ক্রোককৃত স্থাবর সম্পত্তির সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন জেলার জেলা প্রশাসক এবং গণপূর্ত বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলীকে রিসিভার হিসেবে নিয়োগের আদেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধিত-২০১৯)-এর বিধি ১৮(গ) অনুযায়ী ক্রোককৃত সম্পত্তিগুলোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এ রিসিভার নিয়োগ করা হয়েছে।