শিরোনাম

রাজবাড়ী, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সর্বাধিক গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, ‘রাজবাড়ী জেলার ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করা হবে। জেলায় ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি গ্রহণ এবং রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকের শূন্য পদ দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’
রাজাবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এসব কথা বলেন। জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু প্রতিরোধ এবং চরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ীর দুইটি চরাঞ্চলের সার্বিক উন্নয়ন এবং সেখানে ভেঙে পড়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আলী নেওয়াজ মাহমুদ বলেন, জেলায় বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। জেলা শহরের সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, সড়কের ডিভাইডারে বৈদ্যুতিক সৌন্দর্য বর্ধন, টাইলস স্থাপন এবং পৌর এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, রাজবাড়ী সদর হাসপাতালের উপপরিচালক ডা. মোহাম্মদ হান্নান শেখ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কল্যাণ চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।