শিরোনাম

মানিকগঞ্জ, ১৯ জুলাই ২০২৬ (বাসস): ঢাকা-আরিচা মহাসড়কের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় সেতু থেকে বাস পড়ে গিয়ে একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫০)। তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা ছিলেন।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে ‘সেলফি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে বারঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় দুটি সেতুর মাঝখানে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত এবং অন্তত ৪০ জন আহত হন। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি হারুন-অর-রশিদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।