বাসস
  ১৮ জুলাই ২০২৬, ২০:৪০

বন্যাদুর্গতদের মাঝে আলজেরিয়ার রাষ্ট্রদূতের ত্রাণ বিতরণ

ছবি : বাসস

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলউহাব সাইদানি আজ চট্টগ্রামের সাতকানিয়া এবং কক্সবাজারের মাতারবাড়ীতে বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।

ঢাকাস্থ আলজেরিয়ান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের কেওচিয়া মুজহেরুল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে সাম্প্রতিক বন্যায় চরম দুর্ভোগে পড়া পরিবারগুলোর মধ্যে সহায়তা প্রদান করা হয়।

রাষ্ট্রদূত সাইদানি ব্যক্তিগতভাবে, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের হাতে প্রয়োজনীয় সামগ্রী সম্বলিত ত্রাণের প্যাকেট তুলে দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি ও সংহতি প্রকাশ করেন।

তিনি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক জরুরি পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ব্যাপারেও গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত সাইদানি ছিলেন সাতকানিয়া সফরকারী প্রথম বিদেশি কূটনীতিক, যিনি নিজ হাতে বন্যাদুর্গত মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেন। তিনি তার এ সফরকে স্থানীয় জনগণের প্রতি সংহতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে উল্লেখ করেন।

চট্টগ্রামে ত্রাণ বিতরণ কর্মসূচি শেষে আলজেরিয়ার রাষ্ট্রদূত কক্সবাজারের মাতারবাড়িতে যান। সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যেও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

বন্যাকবলিত বাসিন্দারা আলজেরিয়ার রাষ্ট্রদূতের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এই সহায়তা তাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এবং বন্যার দুর্ভোগ মোকাবিলায় সহায়ক হবে।

আলজেরিয়ান দূতাবাস জানায়, এ উদ্যোগ বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বের পাশাপাশি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি আলজেরিয়ার মানবিক সংহতিরও প্রতিফলন।