বাসস
  ১৮ জুলাই ২০২৬, ১৮:১৫

নীলফামারীতে বর-কনের গাড়ি উল্টে ২জন নিহত

নীলফামারী, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় বর-কনের গাড়ি উল্টে শিশুসহ দুই বরযাত্রী নিহত হয়েছেন। এসময় বর-কনেসহ আহত ১২জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শনিবার ভোরে জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের শাল্টিবাড়ি ঈদগাঁহ মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া গ্রামের জিকরুল ইসলামের ৭ মাস বয়সী ছেলে জীবন ইসলাম ও একই গ্রামের মোজা মিয়ার ছেলে এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম (১৮)।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোরছালিন ইসলামের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। বিয়ে শেষে আজ শনিবার ভোরে তারা কনে-বর ও বর যাত্রীসহ ২০জন (শিশুসহ) একটি মাইক্রোবাসে বাড়ি ফিরছিল। 

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে শাল্টিবাড়ি ঈদগাহ প্রাচীরে মাইক্রোবাসটি ধাক্কা লেগে উল্টে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব বলেন, ‘আজ শনিবার ভোরে ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মধ্যে দুইজনের আগেই মৃত্যু হয়েছে। আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বাসস’কে বলেন, ‘খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। সে সময় বৃষ্টি হচ্ছিল। পুলিশের গাড়িতে করে নিহত ও আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’